সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় কাকলী খাতুন (১১) নামের এক শিক্ষার্থী নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এ ছাড়া রংপুরের পীরগাছায় এক কিশোর নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে গতকাল বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে অভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যোগ দিতে সকালে কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ভটভটিতে (সেচযন্ত্রচালিত যান) করে রওনা দেয়। গোবিন্দগঞ্জ শহরের অদূরে শিববাটি নামক জায়গায় বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটিকে পাশ দিতে গিয়ে শিক্ষার্থীদের ভটভটিটি উল্টে যায়। এতে ১২ শিক্ষার্থীই আহত হয়। এর মধ্যে কাকলী খাতুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
একই কর্মসূচিতে যোগ দিতে উপজেলার মোঘলটুলি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা ভটভটিযোগে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের পান্তাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে এটি উল্টে যায়। এতে ১১ ছাত্রী আহত হয়। এ ছাড়া উপজেলার বাগদা এলাকার তিনজন শিক্ষক মোটরসাইকেলে করে একই উদ্দেশে রওনা দেন। সকাল পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ শহরের অদূরে কাটা এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তিন শিক্ষক আহত হন।
এদিকে রংপুরের পীরগাছায় গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে এসে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৬) নামের এক কিশোর নিহত হয়। গতকাল সকাল ১০টার দিকে শরিফুল পীরগাছা জে এন উচ্চবিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখার জন্য মোটরসাইকেলে করে আসছিল। পীরগাছা বাজারের স্বাধীনতা চত্বর মোড়ে রিকশাকে পাশ দিতে গিয়ে সে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। এতে তার মৃত্যু হয়।