সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের এক সহকারী নিহত হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে হাকিম মিয়া নামের ১২ বছর বয়সী একটি শিশু ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হাকিম পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের সাঈদ মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন ভূঁইয়া বলেন, দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় বাস ও এর চালককে আটক করা যায়নি।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ময়নামতি সেনানিবাসসংলগ্ন নাজিরা বাজার এলাকায় গতকাল ভোরে একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মানিক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মানিক কুমিল্লা মহানগরের কাটাবিল এলাকার বাসিন্দা। তিনি অ্যাম্বুলেন্সটির সহকারী হিসেবে কাজ করতেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঢাকায় রোগী নামিয়ে কুমিল্লা ফেরার পথে অ্যাম্বুলেন্সটির সঙ্গে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাকটি থানায় রাখা হয়েছে।