সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে গতকাল রোববার এক যাত্রী নিহত হয়েছেন। একই দিন রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে।
লালমনিরহাটে নিহত ব্যক্তি হলেন আবদুল হাশিম (৬০)। তিনি সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের বাসিন্দা। তারাগঞ্জে প্রাণহানির শিকার শিশুর নাম মধু মিয়া (৪)। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মনোয়ার হোসেন তাঁর ছেলে মধু মিয়াকে বাইসাইকেলের পেছনে বসিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামে জামাতা রশিদুলের বাড়ি যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জের খালেক হিমাগারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মনোয়ার ও তাঁর ছেলে ছিটকে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মধু মিয়া মারা যায়। মোটরসাইকেল নিয়ে এর চালক পালিয়ে যান।
লালমনিরহাট সদর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল কোমল পানীয় ভর্তি একটি ট্রাক কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় পঞ্চগ্রাম ইউনিয়নের জুরাবান্দা নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুল হাশিম মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চালক আনারুল হক (৩৫) ও দুই আরোহী এবং ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হন। তাঁদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ ও লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।