সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, পাবনার আটঘরিয়া, গাজীপুরের কালিয়াকৈর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশু, কলেজছাত্রসহ ১৩ জন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ফুডভিলেজ-২ রেস্টুরেন্টের সামনে গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার আরোহী সলঙ্গা থানার পেতনীপাড়া গ্রামের হাজেরা বানু (৩০) ও সড়কের পাশে থাকা নিহতের স্বামী রফিকুল (৪৫) ও অপর পথচারী জয়নাল আবেদীন (৪৫) নিহত হন।গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): বগুড়া-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় মঙ্গলবার পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে টমেটোবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক বগুড়া সদরের নাটাইপাড়ার শফি আলম (২৪), টমেটো ব্যবসায়ী বগুড়া শহরের চেলোপাড়ার উজ্জল চন্দ্র সিংহ (৪৬) ও ট্রাকের চালক ঠাকুরগাঁও সদরের গোয়ালপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (৩০) নিহত হন।কুষ্টিয়া: কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় মঙ্গলবার ট্রাকের চাপায় রুবাইয়াত ইসলাম (২৩) নামের এক কলেজছাত্র ও রিকশাচালক খোকসা উপজেলার লিয়াকত হোসেন (২৮) নিহত হন। এ সময় তমা নামের (২০) আরেক ছাত্রী গুরুতর আহত হন। ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধূলদী বাজার এলাকায় গতকাল ট্রাকের চাপায় মো. মহিবুল্লাহ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে গতকাল ট্রাকের চাপায় শাহাবুদ্দীন আহমেদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সহকারী।পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর বাজার চারমাথা মোড়ে মঙ্গলবার শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের চাপায় উপজেলার কদমডাঙ্গা গ্রামের রবেশ খান (৭০) নিহত হন। কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় গতকাল একটি ট্রাক উল্টে গেলে রবিউল ইসলাম (২৫) নামের এক ট্রাকচালক নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ডে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আবদুল লতিফ মিয়া (৬৫) নিহত হন।