সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার পরি ঘোষ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। একই দিন চুয়াডাঙ্গা সদরে মিয়ারুল হোসেন (৩৫) নামের এক নছিমনচালক নিহত ও দুজন যাত্রী আহত হয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হাইস্কুলের সামনে গতকাল বিকেলে পরি ঘোষ খেলা করছিল। বিকেল সাড়ে চারটার দিকে সে খেলতে খেলতে রাস্তায় ওপর চলে যায়। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। পরি ঘোষ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের অরুণ ঘোষের মেয়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে একটি ট্রাক চুয়াডাঙ্গা শহরে ঢোকার আগে জেলা কারাগারের সামনে গতিরোধক অতিক্রমের সময় গতি কমিয়ে দেয়। ওই সময় পেছনে থাকা একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় নছিমনচালক দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বারাদী গ্রামের বাসিন্দা মিয়ারুলের বুকে আঘাত লাগে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ছাড়া ওই দুর্ঘটনায় একই গ্রামের পশ্চিমপাড়ার জেকের আলী (২৮) ও বিলপাড়ার আনসার আলী (৩২) নামের দুই যাত্রী আহত হন।