সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল বিকেলে ট্রলির চাপায় ইয়াসিন হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন আইরিন আহত হয়। একই দিন মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার রামগোপালপুরে ট্রাকের ধাক্কায় মো. শওকত (৩৫) নামের রিকশার এক আরোহী নিহত হন।
ইয়াসিন হোসেন (১০) সিঙ্গাইরের কিটিং চর গ্রামের আফজাল হোসেনের ছেলে ও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, গতকাল বিকেলে ছোট বোন আইরিনকে (৩) নিয়ে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের পাশের দোকানে চিপস কিনতে যাচ্ছিল ইয়াসিন। সড়ক পার হওয়ার সময় একটি ট্রলি দুই ভাইবোনকে চাপা দেয়। আইরিনকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মীরকাদিমে দুর্ঘটনার পর ট্রাকের চালক মো. রাসেলকে (২৮) আটক করে পুলিশ। সদর থানার ওসি ইউনুচ ভূঁইয়া বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রিকশার আরোহী শওকত নিহত ও তাঁর ভাই বাদল ব্যাপারী ও ভগ্নিপতি মনির হোসেন আহত হন।