সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদরের উত্তম হাজিরহাট এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন। একই দিন দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মুন্না মিয়া (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রংপুর কোতোয়ালি থানা-পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তম হাজিরহাট এলাকায় গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকচাপায় ওই যুবক নিহত হন। থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

ফুলছড়ি থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রাম থেকে বালুবোঝাই একটি ট্রলি গতকাল দুপুরে একই ইউনিয়নের সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মুন্না মিয়া দৌড়ে পেছন থেকে ট্রলির ওপরে ওঠে। ট্রলিটি সৈয়দপুর এলাকায় একটি সেতুর ওপরে উঠলে সেতুটি ভেঙে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে মুন্না ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে মুন্নাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মুন্না ঘোলদহ গ্রামের নওশা আলমের ছেলে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।