সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ফরিদপুর ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা ও বগুড়ার ধুনট উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, আজ ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌর এলাকার নূরপুর মহল্লায় উল্টোদিক থেকে আসা এক গাড়ির চাপায় নছিমনচালক নিহত হন। নিহত চালকের নাম আজিজুল মোল্লা (৪০)। তিনি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজলী গ্রামের মকবুল মোল্লার ছেলে।
আজিজুল মোল্লা ভাঙ্গার মাছের আড়ত থেকে মাছ পরিবহনের জন্য যাচ্ছিলেন। নগরকান্দা থেকে ভাঙ্গা যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি নছিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গাড়িটিকে শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত আজিজুলের লাশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে বগুড়ার ধুনট উপজেলায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঊর্মি খাতুন নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। আজ বেলা ১১টার দিকে বানিয়াগাতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বানিয়াগাতি এলাকায় শিশু ঊর্মি রাস্তা পার হতে গেলে তাকে চাপা দেয় ভটভটি। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। স্থানীয় লোকজন ভটভটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যান।
ভটভটিচালকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মিলটন মিয়া (৩২)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাওইখোলা গ্রামের বাসিন্দা। গরুবোঝাই ভটভটি নিয়ে তিনি নিজ গ্রাম থেকে চান্দাইকোনা বাজারে যাচ্ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ধুনট থানার পুলিশ ভটভটি আটক করে থানা নিয়ে আসে। ভটভটিচালককে আটকের চেষ্টা করা হচ্ছে।