সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ রোববার সকালে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার ও শ্রীবরদী উপজেলার চিথলিয়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের মীরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আনন্দ (১৮) ও শ্রীবরদী উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের সুজন মিয়ার ছেলে সাব্বির আহম্মেদ (৮)। এ নিয়ে ঈদের তিন দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ২২ জনের। ঈদের আগের দিন শুক্রবার ১৩ জন ও ঈদের দিন শনিবার সাতজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে আনন্দ ও তাঁর দুই বন্ধু মোটরসাইকেলে করে জামালপুর যাচ্ছিলেন। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কুসুমহাটি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনন্দ মারা যান। তাঁর বন্ধু স্বাধীন (১৮) ও রায়হান (১৯) গুরুতর আহত হন। তাঁদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র কুমার সাহা আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

শ্রীবরদী থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের চিথলিয়া এলাকায় শ্রীবরদী থেকে শেরপুরগামী একটি প্রাইভেটকার সাব্বির আহম্মেদকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সাব্বির মারা যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।