সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। একই দিন মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হন।
রূপগঞ্জে নিহত দুজন হলেন আজগর আলী (৩৫) নামের এক ব্যবসায়ী ও হাবিবুর রহমান (৮) নামের এক শিশু। গজারিয়ায় নিহত মোটরসাইকেল আরোহী জীবন প্রধান (৪৫) স্থানীয় করিমা খাঁ ওসডার একাডেমি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম বলেন, বেলা আড়াইটার দিকে ব্যবসায়ী আজগর আলী ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। আজগর আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার সাতগিরি গ্রামের আমির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন। পাশাপাশি একটি টেইলার্স চালাচ্ছিলেন।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে তারাব পৌরসভা কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় স্থানীয় শাহজাহানের ছেলে হাবিবুর রহমানকে একটি মালবাহী ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় স্কুলশিক্ষক জীবন প্রধানকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। জীবন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতকোপা গ্রামের মৃত শামসুল হকের ছেলে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি শিক্ষকতা করছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে মোটরসাইকেলে করে জীবন প্রধান গজারিয়ার জামালাদী বাসস্ট্যান্ড এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছিলেন। একপর্যায়ে একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।