সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গতকাল বুধবার ব্যাটারিচালিত ভ্যানের চাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্র। একই দিন সিরাজগঞ্জের তাড়াশে গাছের সঙ্গে বাসের ধাক্কায় এক বাসচালকের ও শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন।
গোমস্তাপুরে নিহত শিশুটির নাম মো. হোসাইন (৬)। সে উপজেলার হোগলা লেজুবাজার এলাকার ফড়িং আলীর ছেলে। সে স্থানীয় ভিটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।
হোসাইনের মামা শরিফুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে বিদ্যালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় তাকে ব্যাটারিচালিত একটি ভ্যান চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে গতকাল বেলা একটার দিকে। এ ঘটনায় নিহত বাসচালকের (৪৫) পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে নাটোরগামী যাত্রীবাহী একটি বাস তাড়াশের মান্নাননগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আহত হন বাসটির চালকসহ ১০ আরোহী। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়।
শাহজাদপুরের পারকোলা এলাকায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত গৃহবধূর নাম আলেয়া বেগম (৬৫)। তিনি পারকোলা গ্রামের শাহজাহান আলীর স্ত্রী। শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা আলেয়াকে ধাক্কা দেয়।