সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে গতকাল শনিবার ট্রাকচাপায় একটি শিশু নিহত হয়েছে। একই দিনে বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় এক নারী ভিক্ষুক মারা গেছেন। এর আগে শুক্রবার উপজেলা সদরের কোমারপুর সড়কে ভটভটি উল্টে চালকের মৃত্যু হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় বিড়ালদহ এলাকার আবদুল ওহাবের ছেলে হৃদয় হোসেনকে (৭) একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের সামনে বগুড়াগামী একটি বাস অজ্ঞাতপরিচয় এক নারী ভিক্ষুককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।পুলিশ মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে শুক্রবার রাতে উপজেলা সদরের কোমারপুর সড়কে ভটভটি উল্টে চালক রুয়েল হোসেন (৩৩) নিহত হন। তিনি উপজেলার কুসুম্বী গ্রামের ফজলুল হকের ছেলে। এলাকাবাসী জানান, রুয়েল ধান নিয়ে উপজেলা সদরে আসছিলেন। জিনইর গ্রামের কাছে ভটভটি উল্টে যায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুয়েলকে মৃত ঘোষণা করেন।