সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় এবং সলঙ্গা থানার দাদপুরে গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলায় গত রোববার ভটভটির চাপায় আরমান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ জানান, গতকাল সোমবার ভোরে চান্দাইকোনায় বিকল হয়ে যাওয়া একটি বাস মেরামতের সময় পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মোকাররম হোসেন (৪৫) নিহত হন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ছাড়া গত রোববার রাতে ঢাকাগামী সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের সাহেবগঞ্জ দাদপুর নামক স্থানে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী সবজি ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৩২) নিহত হন। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার ধামুয়া গ্রামে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, এ দুটি ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় দুটি মামলা হয়েছে। মোফাজ্জলের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মোকাররমের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ধনিপাড়া এলাকায় গত রোববার বিকেলে দ্রুতগামী একটি ট্রাক একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। পরে ট্রাক্টরটি একটি ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় ভটভটি রাস্তার পাশে লোকজনের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই আরমান মারা যায়। আরমান উপজেলার গাইঘাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। এ সময় ধনিপাড়া এলাকার তরিকুল ও আশরাফুল নামের দুই ব্যক্তি আহত হন। তাঁদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরমান নিহত হওয়ার বিষয়টি সদর থানার ওসি হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।