সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল রোববার ও গত শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: গতকাল ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর এলাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক মো. বাদল মিয়া (৩৮)। একপর্যায়ে চলন্ত অবস্থায় তিনি বাস থেকে লাফিয়ে পড়েন।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম শামীম হোসেন জানান, দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি। বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চালকের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজবাড়ী: গতকাল বেলা আড়াইটার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়ায় মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় হূদি আক্তারী (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সে স্থানীয় মাসুম ফকিরের মেয়ে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার কাজী হাবিবুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসারসহ র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসীর দাবির মুখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

সাতক্ষীরা: গতকাল দুপুরে জেলার তালা উপজেলার তালা-শালিখা সড়কের নেহালপুর বটতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুজিবর গাজী (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় খায়রুল শেখ (২০) ও শফিকুল ইসলাম (৩২) নামের দুজন আহত হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নড়াইল: শনিবার নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় একটি নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক অতিক্রম করার সময় নছিমন উল্টে জয়া পোদ্দার (৬৫) নামের এক নারী নিহত হন। তিনি সদর উপজেলার সীতারামপুর গ্রামের মৃত ভবেন পোদ্দারের স্ত্রী। পুলিশ জানায়, শনিবার বিকেলে এলাকার অন্য মানুষের সঙ্গে নছিমনে করে তুলারামপুর কাজলা নদীতে নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন জয়া পোদ্দার।

সীতারামপুর সেতুর বিকল্প সড়ক অতিক্রম করার সময় নছিমনটি ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।