সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার ভোলার সদর উপজেলায় এক শিশু ও বরিশালের গৌরনদীতে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ছাড়া গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দে এক গৃহবধূ ও ফরিদপুরের নগরকান্দায় আরেক নারী প্রাণ হারিয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: সদর উপজেলার মধ্যচরনোয়াবাদ গ্রামে গতকাল সকাল ৯টার দিকে নছিমনের চাপায় নিহত শিশুর নাম শাবনূর (৬)। সে মধ্যচরনোয়াবাদ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
গৌরনদী (বরিশাল): উজিরপুর উপজেলার নতুন শিকারপুর ধামসার সড়কের মূলপাইন এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় বাবু ব্যাপারী (৩০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ধামসর গ্রামে।
গোয়ালন্দ (রাজবাড়ী): গত রোববার গোয়ালন্দ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় নাসিমা বেগম (৪০) নামের গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব উজানচর হাবিল মণ্ডলপাড়ার মুদি দোকানি তোমেজ শেখের স্ত্রী।
ফরিদপুর: রোববার সন্ধ্যা ছয়টার দিকে নগরকান্দার জয় বাংলার মোড়ে বিশ্বরোড পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানের যাত্রী হাসি বেগম (৪৯) নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামে।