সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
জয়পুরহাটের কালাই, রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের হাকিমপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: পুলিশ জানায়, জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলা সদরের টিঅ্যান্ডটি কার্যালয়ের কাছে গত সোমবার সন্ধ্যায় বগুড়াগামী আলুবোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার যাত্রী লিয়াকত হোসেন (৪২) ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন অপর দুই যাত্রী আমজাদ হোসেন (৪০) ও আবদুর রশিদ (৫০)। রাতে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লিয়াকত ক্ষেতলালের খুনজাপাড়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের বাড়ি একই উপজেলার উত্তরহাট শহর গ্রামে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক আছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মোর্শেদা বেগম সোমবার রাতে চালককে আসামি করে মামলা করেছেন।
এদিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের জাম্বুমোড়ে গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে বালুবাহী ট্রাক্টর থেকে পড়ে গিয়ে নয়ন চন্দ (২৭) মারা যান। তাঁর বাড়ি পাঁচবিবির পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা মঙ্গল চন্দ পাঁচবিবি থানায় মামলা করেছেন।
পাঁচবিবি থানার পরিদর্শক কিরণ চন্দ্র রায় বলেন, নয়ন বালুর ট্রাক্টরে চালকের পাশে বসেছিলেন। রাস্তায় গতিরোধক দেখেও চালক ট্রাক্টর ধীরে না চালিয়ে পার হতে গেলে ঝাঁকুনিতে নয়ন ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হন। ট্রাক্টরটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পলাতক আছেন।
বদরগঞ্জ (রংপুর): উপজেলার কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আক্তারুজ্জামান গতকাল বিদ্যালয় থেকে ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কের নাগেরহাট বাসস্ট্যান্ডে একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আহত হয় তাঁর শিশুসন্তান সৌমিক। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে যান। আক্তারুজ্জামানের বাড়ি কুতুবপুর সোনাপাড়া গ্রামে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর এলাকার লোকজন ও কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ওই সড়ক আটকে বিক্ষোভ করে। তখন দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বদরগঞ্জ থানার পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ওই শিক্ষকের লাশ বিকেলে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর): হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, উপজেলার বোয়লদাড় ইউনিয়নের বোয়লদাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে আদম ও তার ছোট ভাই মোহাম্মদ আলী কাটলা গতকাল বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। মাধবপাড়া-হাকিমপুর সড়কের মাধবপাড়া গ্রামে ধানবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আদম মারা যায়। গুরুতর আহত মোহাম্মদ আলীকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ: সোমবার রাত সাড়ে নয়টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংরি নামক স্থানে দ্রুতগামী ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, রাত সাড়ে নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি আটক করা যায়নি। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।