সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
পাঁচ জেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;
চুয়াডাঙ্গা: বাসের ধাক্কায় আলমসাধুর যাত্রী পরিচ্ছন্নতাকর্মী বাদল সরকার (৪৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায়। এ ছাড়া আহত হয়েছেন আলমসাধুর চালক বাবু হোসেন (৪০)। তাঁর বাড়ি দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে। গতকাল বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার হায়দারপুর তালতলায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস আলমসাধুকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, হাসপাতালে আনার পরপরই বাদলের মৃত্যু হয়।
গোপালগঞ্জ: ট্রলি উল্টে বিল্লাল সিকদার (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া রতন (২২) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটায় সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিল্লালের বাড়ি সদর উপজেলার সোনাপুর গ্রামে।
আহত রতন বলেন, দুপুরে তাঁরা বালুভর্তি ট্রলি নিয়ে মনিকদাহ থেকে গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় মানিকদাহ গ্রামের একটি ইটভাটার সামনে ইট পড়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় বিল্লাল ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল জলিল (৫১) নামের এক কৃষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি পৌর এলাকার পৌওতা গ্রামে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। হেমতখালী এলাকায় সান্তাহার-জয়পুরহাট সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়।
কিশোরগঞ্জ: ভৈরব উপজেলায় নছিমনের চাপায় মোয়াজ মিয়া নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোয়াজ একই এলাকার আবুল কাসেম মিয়ার ছেলে। সড়ক পার হওয়ার সময় কুলিয়ারচরগামী একটি নছিমন মোয়াজকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর: শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকের চাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তাঁর নাম রমজান আলী (৩৫)। বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মছিমপুর গ্রামে।