সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
গোপালগঞ্জ সদর, বরিশালের গৌরনদী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও সুনামগঞ্জের তাহিরপুরে গত শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা সেতুর কাছে একটি ট্রাক বাইসাইকেলকে চাপা দিলে আরোহী মঙ্গল বিশ্বাস (৩৫) নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। একই মহাসড়কের গোপীনাথপুরে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে রবিউল খান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গৌরনদী (বরিশাল): উপজেলার টরকী বাসস্ট্যান্ডে মোটরসাইকেল চাপায় টেম্পোচালক ইদ্রিস মোল্লা (৪৫) নিহত হয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল-নাছিরনগর সড়কের ধরন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় মুনিরা বেগম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। তাহিরপুর (সুনামগঞ্জ): উপজেলার ডাম্পের বাজারের শিমুলখালীতে শনিবার কয়লাবাহী ট্রলির ধাক্কায় মাখন মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।