সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশুসহ দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। একই দিন কুড়িগ্রাম, বগুড়া ও পাবনায় সড়ক দুর্ঘনায় আরও তিনজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বিরামপুর (দিনাজপুর): বিকেল চারটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বেজাই মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ি সার্কেল) সুশান্ত সরকার বলেন, দিনাজপুর থেকে ঘোড়াঘাট যাওয়ার পথে বেজাই মোড়ে এইচ এ এন্টারপ্রাইজের ওই বাসটির সামনের বাঁ দিকের চাকা ফেটে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুন (৫) নামের এক মেয়ে এবং পদ্দন ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও ২০ জন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উলিপুর (কুড়িগ্রাম): উলিপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৫০) নামের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে উলিপুরের পূর্ব কুড়ারপাড় গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম সমবায় অফিসে যাচ্ছিলেন। তিনি ওই অফিসের পরিদর্শক। উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ী এলাকায় একটি মিনিবাসকে সাইড দিতে গিয়ে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর বারমাইল এলাকায় গতকাল দুপুরে দূরপাল্লার বাসের ধাক্কায় ভটভটির (সেচ যন্ত্রচালিত যান) চালক ফুল মিয়া (৩৬) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুল মিয়া দুপচাঁচিয়া থেকে ধানের গুঁড়া কিনে ভটভটিযোগে গাবতলীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ভটভটি উল্টে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বেড়া (পাবনা): পাবনা-বগুড়া মহাসড়কের আমাইকোলা নামক স্থানে করিমন (সেচযন্ত্রচালিত যান) ও বিআরটিসির একটি বাসের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে বেড়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি করিমন বাঘাবাড়ী যাচ্ছিল। সাঁথিয়ার আমাইকোলায় পৌঁছার পর সেটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি বিআরটিসির ওই বাসের সামনের অংশে গিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই করিমনের অজ্ঞাতপরিচয়ের (৪০) এক যাত্রী নিহত হন। আহত হন করিমনের আরও পাঁচ যাত্রী। তাঁদের মধ্যে মোস্তফা (৪০) ও চাঁদ আলীকে (৬০) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।