সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত, মহাসড়ক অবরোধ গাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক গুরুতর আহত হন। প্রতিবাদে গতকাল শনিবার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন।
আহত শ্রমিকের নাম কল্পনা রানী। তিনি তৈরি পোশাক কারখানা চৈতি কম্পোজিট লিমিটেডের কর্মী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
কল্পনা রানীর বড় বোন ঝরনা রানী জানান, তাঁর বোনের সংজ্ঞা ফেরেনি। সংজ্ঞা না ফেরা পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আলমগীর হোসেন, মরিয়ম বেগমসহ কয়েকজন শ্রমিক বলেন, শুক্রবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে কারখানার সামনে মহাসড়কের টিপুরদী এলাকায় কল্পনা রানীকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ খবরে চৈতি কম্পোজিট কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা গতকাল সকাল নয়টার দিকে কাজে যোগ না দিয়ে টিপুরদী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় ১০-১২টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে মহাসড়কে ১০ কিলোমিটার যানজট তৈরি হয়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর চৈতি কম্পোজিট কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
শ্রমিক শিলা রানী, অঞ্জনা রানী ও আলমগীর হোসেন জানান, চৈতি কম্পোজিট কারখানায় শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। তাঁরা দীর্ঘদিন ধরে মহাসড়কে একটি পদচারী-সেতু, পর্যাপ্ত যানবাহন ও অ্যাম্বুলেন্সের দাবি করে আসছেন। তারপরও কাজ হয়নি।
চৈতি কম্পোজিটের সহকারী মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, শ্রমিকদের দাবির ব্যাপারে আশ্বস্ত করা হলে তাঁরা অবরোধ তুলে নেন।
সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা করা হয়েছে।