সড়ক দুর্ঘটনায় শ্রমিকনেতা নিহত, প্রতিবাদে অবরোধ
গোপালগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিচুর রহমান ওরফে সুজন শেখ (৪০) নামের এক শ্রমিকনেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী টায়ারে আগুন জ্বালিয়ে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
নিহত আনিচুর রহমান গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। আনিচুর রহমান গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, আনিচুর মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়ি হরিদাসপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
দুজন প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, আনিচুর রহমান মোটরসাইকেলে করে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ শহর থেকে হরিদাসপুরে তাঁর বাড়ি যাচ্ছিলেন। বেলা ১০টার দিকে নিমতলা এলাকায় গোপালগঞ্জের দিকে আসা একটি প্রাইভেট কার ওই মোটরসাইকেলকে চাপা দিলে আনিচুর রহমান মারাত্মক আহত হন। তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
আনিচুরের মোটরসাইকেলকে চাপা দেওয়া প্রাইভেট কারটি গোপালগঞ্জে রেললাইন নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে এবং এর চালক কুমিল্লার বরুড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. আবদুর রশিদের ছেলে ওমর ফারুকে (৩০) আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্রমিকনেতার মৃত্যুর খবর পাওয়ার পর নিমতলা এলাকায় উত্তেজিত এলাকাবাসী ও মোটরশ্রমিকেরা ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে সোয়া ১১টার দিকে পুলিশ গিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।