সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের কারখানার শ্রমিক জোনাকী আক্তার (২৮) সড়ক পার হচ্ছিলেন। এ সময় মির্জাপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন আহত জোনাকীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় অ্যাম্বুলেন্সচাপায় শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকেরা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন।স্থানীয় লোকজন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক আলমগীর সিদ্দিক বলেন, আহত জোনাকী আক্তার গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।