সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে আজ শুক্রবার দুপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী দুজনই সরকারি কর্মকর্তা ছিলেন।
নিহত দম্পতি হলেন শরীয়তপুরের জেলা মত্স্য কর্মকর্তা দয়াল চন্দ্র রায় (৫৫) ও মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন দুলালী রানী সরকার (৪৮)। তাঁরা মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় নিজ বাড়িতে থাকতেন। দয়াল চন্দ্রের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাকুচিয়া গ্রামে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, দুপুরে স্বামীর মোটরসাইকেলে চড়ে দুলালী রানী সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এক খামারির অসুস্থ গরু চিকিত্সা দিতে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখণ্ড এলাকায় পৌঁছালে বিপরীতগামী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ওই দম্পতিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।