সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় শফিউল আলম বিপুল (৩৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গত শনিবার কালিশ-পুনাইল সড়কের বীজরুল মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দৈনিক ইত্তেফাক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে শফিউল আলম উপজেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ি ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণগ্রামে ফিরছিলেন। কালিশ-পুনাইল সড়কের বীজরুল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে তাঁকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।