সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে রংপুরের তারাগঞ্জে সাংবাদিকসহ দুজন এবং রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাহসিন শেখ (৮৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের বাসু কুমার মহন্ত (৫০) বুধবার বিকেলে তাঁর বন্ধু বাবুল ইসলামকে নিয়ে সৈয়দপুর শহরে যান। ওই দিন রাত নয়টার দিকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে তারাগঞ্জ উপজেলার ডাল সড়ক এলাকায় একটি নৈশকোচ তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনই প্রাণ হারান। বাসু কুমার মহন্ত উপজেলার কিশোরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করতেন এবং তিনি দৈনিক সংবাদ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বাগমারা উপজেলার তাহেরপুর থেকে আরেকটি বাস রাজশাহীর দিকে আসছিল। পুঠিয়া উপজেলার ভাঙড়া এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাহসিন শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার বদোপাড়া গ্রামে। তিনি একটি মামলার হাজিরা দিতে রাজশাহীতে যাচ্ছিলেন।