সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ ৯ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। কুমিরার সুলতানা মন্দির এলাকায় গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় একজন সাংবাদিক, মাদারীপুর সদর উপজেলায় বাসচাপায় একটি শিশু এবং নরসিংদীর শিবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। কোটালীপাড়ায় নিহত সাংবাদিক মনোজ দাস (৬৫) ছিলেন নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: সীতাকুণ্ডের কুমিরায় বাস খাদে পড়ে গিয়ে নিহত ব্যক্তিরা হলেন: কুমিরার সুলতানা মন্দির এলাকার নমিতা মজুমদার (৪৫), সুমিতা দে (৩২), উত্তম বিশ্বাস (৩০) ও ঝর্না দাশ (৩০) এবং বরিশালের মনির হোসেন (২৮)। চাঁদপুর থেকে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। এটি কুমিরার সুলতানা মন্দির এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পথচারী নমিতা, সুমিতা, উত্তম ও ঝর্না মারা যান। মনির ছিলেন বাসযাত্রী। হাসপাতালের পুলিশ ফাঁড়ির প্রধান উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগই বাসযাত্রী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গোপালগঞ্জ: পেশাগত দায়িত্ব পালনে প্রতিদিনের মতো মনোজ দাস গতকাল সকালেও মোটরসাইকেলযোগে উপজেলার সিকিরবাজারের বাড়ি থেকে বেরিয়ে পড়েন। দুপুর ১২টার দিকে স্থানীয় ঘাঘর বাজার থেকে উপজেলা সদরে আসার সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কয়খা মেরী সিনেমা হলের কাছে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নরসিংদী: সদর উপজেলার পশ্চিম ভেলানগর এলাকার জয়নাল আহমেদ (১৫) ও সোহরাব হোসেন (১৮) এবং তাদের বন্ধু রবিন মিয়া মোটরসাইকেলযোগে শিবপুর উপজেলার ইটাখোলা যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে আমতলা এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল ও সোহরাব মারা যায়। গুরুতর আহত রবিনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জয়নাল ও সোহরাব স্থানীয় কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ী বাসস্ট্যান্ডের কাছে বরিশালগামী আজমেরী পরিবহনের একটি বাসের চাপায় সোহেল মাদবর (৭) মারা যায়। তার বাড়ি উপজেলার ঝিকরহাটি গ্রামে। এতে রাজীব নামের আরও একটি শিশু গুরুতর আহত হয়। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর করেছে। তারা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখে। পরে মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।