সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ছেলে নিহত
ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল-এর ব্যুরোপ্রধান মীর গোলাম মোস্তাফার ছেলে মীর মুনতাসীর মাহীন (১৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শম্ভুগঞ্জ সেতু মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মুনতাসীর মাহীন ময়মনসিংহ শহরের আলমগীর মুসনুর মেরোরিয়াল (মিন্টু) কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, মুনতাসীর বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে শম্ভুগঞ্জ থেকে মোটরসাইকেলে শহরে ফেরার সময় শম্ভুগঞ্জ সেতু মোড়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটটার দিকে তার মৃত্যু হয়। গতকাল জুমার নামাজের পর শহরের জিলা স্কুল মাঠে মুনতাসীরের জানাজা হয়। জানাজায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক প্রমুখ অংশ নেন।