সড়ক দুর্ঘটনায় সাংসদ আহত, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় আহত সাংসদ মো. আলতাব হোসেন। ছবি: এনামুল হক
দুর্ঘটনায় আহত সাংসদ মো. আলতাব হোসেন। ছবি: এনামুল হক

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় আজ বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির সাংসদ আলতাব হোসেনসহ (৬০) পাঁচজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাংসদের গৃহপরিচারিকা আয়না খাতুন ওরফে মোহনা (২৫) নিহত হয়েছেন।নিহত মোহনার বাড়ি বগুড়ার শাজাহানপুর গ্রামে।
আহত অন্য ব্যক্তিরা হলেন সাংসদের স্ত্রী হাসনা বানু (৫০), ছেলে ফয়জুল ইসলাম (৩৪), মাইক্রোবাসের চালক ওয়াহেদুল ইসলাম (৪৩) ও আরেক গৃহপরিচারিকা উম্মে হাবিবা (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনের জাতীয় পার্টির সাংসদ আলতাব হোসেন তাঁর পরিবারের লোকজনদের নিয়ে মাইক্রোবাসে করে ঢাকা থেকে বগুড়া ফিরছিলেন। মাইক্রোবাসটি কড্ডার মোড় এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গৃহপরিচারিকা মোহনা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ আহত লোকজনকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সুব্রত সাহা জানান, সাংসদসহ অন্যরা আশঙ্কামুক্ত।

সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফোরকান হোসেন ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় বাসযাত্রীদের কোনো ক্ষতি হয়নি। নিহত গৃহপরিচারিকার লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।