সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী ও পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে রোববার রাতে পণ্যবাহী ট্রাকচাপায় তরিকুল ইসলাম (১৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। একই রাতে বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় অমল নন্দী (৬০) নামের এক পথচারী নিহত হন।
পুলিশ জানায়, বাগেরহাটের দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলার মেগনিতলা এলাকায়। নিহত তরিকুল জেলা শহরের সোনাতলা এলাকার বাসিন্দা। আর বরিশালের ঘটনাটি ঘটে উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায়। নিহত অমল নন্দীর বাড়ি উপজেলার রাখালতলা গ্রামে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, তরিকুল বাইসাইকেলযোগে খানজাহান আলী (রহ.)–এর মাজার এলাকা থেকে বাড়ি ফিরছিল। বাগেরহাট-খুলনা সড়কের মেগনিতলা এলাকায় পৌঁছালে তাকে পেছন থেকে চাপা দেয় বাগেরহাটগামী একটি পণ্যবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, নিহত অমল নন্দীর বাড়ি উজিরপুর উপজেলার রাখালতলা গ্রামে। তিনি রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি প্রাণ হারান।