সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত, আহত ২
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছে। সোমবার উপজেলার আমাইতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জসিম উদ্দীন (৩০)। তিনি বিহারীনগর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। আমাইতাড়া এলাকায় তাঁর একটি দোকান আছে। আহত ব্যক্তিরা হলেন ধামইরহাট পৌর এলাকার বাসিন্দা ওহাবুল (২৪) ও বাবু (২১)। এলাকাবাসী জানান, ৯ এপ্রিল রাত নয়টায় দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দীন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও বাইসাইকেলটি রাস্তায় পড়ে গেলে তিনি ও মোটরসাইকেলের দুই আরোহী ওহাবুল ও বাবু আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জসিমকে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। ধামইরহাট থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।