
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না। গতকাল রোববারও দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। এর মধ্যে গাজীপুরে ট্রাকের চাপায় নিহত হন দাদা-নাতিসহ তিনজন। গত শনিবারই বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনায় সাতজনসহ সারা দেশে ১৭ জন নিহত হন।
দেশের সাত জেলায় গতকাল এসব দুর্ঘটনায় আহত হন অন্তত ১৩ জন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় ঢাকা বাইপাস সড়কে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের ওপর গিয়ে পড়লে মো. হাছেন আলী (৬৫), তাঁর আট মাসের নাতি জুনায়েদ হোসেন ও পূর্ব ধীরাশ্রম এলাকার মোসলেম উদ্দিন (৪০) নিহত হন। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চুনাপাথরে ভর্তি ট্রাকটি বেলা একটার দিকে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকের চাপায় কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।
রাজশাহী: বেলা পৌনে ১১টার দিকে শহরের পদ্মা আবাসিক এলাকায় রিকশায় বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এমদাদুল হক সরদার (৬৫)। গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম ছিলেন। এমদাদুল হক বিএনপির সাবেক সাংসদ জাহান পান্নার স্বামী।
ছাতক (সুনামগঞ্জ): টেম্পো নিয়ে গোবিন্দগঞ্জে যাওয়ার পথে মিতুগাঁও এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই টেম্পোচালকের সহকারী রিপন মিয়ার (১৮) মৃত্যু হয়েছে। চালক আবদুস সালাম (২১) আহত হন। চালক ট্রাক নিয়ে পালিয়েছেন।
নাটোর: সদর উপজেলার চানপুর গোরস্থান এবং লালমনিপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, সকাল আটটার দিকে চানপুর গোরস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ হারান প্রাণ এগ্রো কারখানার নিরাপত্তাকর্মী ছাবিনা বেগম। এ ঘটনায় প্রাণ কারখানার শ্রমিকেরা এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখলে যানজটের সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১টার দিকে লালমনিপুর এলাকায় দত্তপাড়া-ধরাইল আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরচাপায় শিশু আরাফাত হোসেনের মৃত্যু হয়।
বগুড়া: বগুড়া-গাবতলী সড়কে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম ওরফে বাবু (৫৫) নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। বিকেলে সহকর্মী আরেক শিক্ষকের মোটরসাইকেলে চেপে বগুড়া শহরের দিকে ফেরার পথে গাবতলীর সোন্দাবাড়ি এলাকায় একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হবিগঞ্জ: নানার বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে গতকাল পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ হারিয়েছে তানিম (৮) নামের এক স্কুলছাত্র। তানিম বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের রুকু মিয়ার পুত্র। পাওয়ার টিলারটি পেছন থেকে তানিমকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তানিমকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে বেলা তিনটার দিকে সে মারা যায়।
টাঙ্গাইল: কালিহাতী উপজেলার যোকারচরে ট্রাকের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, ট্রাকের মালামালের ওপর বসে থাকা শাহাদৎ হোসেন (৬৫) হঠাৎ পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মির্জাপুর (টাঙ্গাইল): থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী রতন মিয়া (৩৫) দুপুরে মোটরসাইকেলে ফতেপুর-নাটিয়াপাড়া সড়ক দিয়ে ছাওয়ালী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রতন মিয়া মারা যান। মির্জাপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।