সড়ক দুর্ঘটনায় সাত জেলায় প্রাণ হারালেন ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয় জেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এর আগের দিন রাতে শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকায় চালক বাবার অটোরিকশা উল্টে মেয়ে নিহত হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাঁরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কুকরালি গ্রামের নাহিদ হোসেন (৪০) এবং আশাশুনি উপজেলার বেউলা গ্রামের শান্তিপদ দাস (২৫) ও শম্ভু দাস (৪০)। তাঁরা বরযাত্রী নিয়ে আশাশুনির মহেশ্বরকাটি থেকে বাগেরহাটের মংলায় যাচ্ছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা): দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত ও চারজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জিন্নাত আরা (৪৫), অজ্ঞাতপরিচয় চানাচুর বিক্রেতা (৩০) ও অজ্ঞাতনামা অপর একজন (৪০)।
ফরিদপুর: বেলা একটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ব্যক্তিগত গাড়ির আরোহী দুই ভাই মারা যান। তাঁরা হলেন নুরুজ্জামান মাতুব্বর (৫৫) ও বাদল মাতুব্বর (৪৮)। তাঁরা ঢাকার শুক্রাবাদ এলাকার বাসিন্দা।
পটুয়াখালী: সকালে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া-বাউফল সড়কের শৌলা এলাকায় বাসের চাপায় ভাড়ায় চালানোর মোটরসাইকেলচালক ফারুক হাওলাদার (৩০) ও এর যাত্রী রামচন্দ্র দাস (৩৭) ঘটনাস্থলে প্রাণ হারান। ফারুকের বাড়ি শৌলা এলাকায়। রামচন্দ্র দাসের বাড়ি দক্ষিণ ধরান্দি গ্রামে। তিনি শৌলা এলাকার ক্রোকমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বরগুনা : দুপুরে বরগুনা সদর উপজেলার আমুয়া-বামনা সড়কের ঢুসখালী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আরোহী মাহফুজুর রহমানের (১৯) মৃত্যু হয়। তিনি বামনা সদরের শফিপুরের বাসিন্দা।
কিশোরগঞ্জ : সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের রেলওয়ের লেভেল ক্রসিং এলাকায় দেবর হবি মিয়ার মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছনের একটি পিকআপ ভ্যানের চাপায় গৃহবধূ রুবি আক্তার (২৫) ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর: মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অটোরিকশা উল্টে পারভীন বেগম (২০) নামের এক নারী রাস্তার ওপর পড়ে যান। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। অটোরিকশাটি তাঁর বাবা পানু মিয়া চালাচ্ছিলেন। তাঁর বাড়ি শহরের দীঘারপাড় কামারবাড়ি এলাকায়।