সড়ক দুর্ঘটনায় সাতকানিয়া ও উখিয়ায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু বলেন, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ইনানী সৈকতের লাবেলা রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে জিয়াউল হক (২৭) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি উখিয়া উপজেলার মনখালী গ্রামে। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহত তিনজনের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে একটি কাভার্ড ভ্যান টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে সেটিকে ধাওয়া করা হচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ইনানীর ওই রিসোর্টের কাছাকাছি এসে মোটরসাইকেলটি ভ্যানের সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভ্যানটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুটি পাশের দেয়ালে ধাক্কা খায়। এতে তিনজন নিহত হন। ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
এসআই আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ইয়াবার চালান নিয়ে বিরোধে মোটরসাইকেলের আরোহীরা ভ্যান গাড়িটিকে ধাওয়া করছিল বলে এলাকায় খবর রটে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে আছে।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, ইয়াবার চালান লুটের ঘটনা নিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে নিহত দুজনের পরিচয় সম্পর্কে কেউ মুখ খুলছে না। মোটরসাইকেল আরোহী, কাভার্ড ভ্যানের চালকসহ কয়েকজন পালিয়ে গেছেন। তাঁদের আটক করা গেলে ঘটনার কারণ জানা যাবে।
এদিকে সাতকানিয়ায় নিহত মোহাম্মদ বেলালের (৫০) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে মোহাম্মদ বেলাল মোটরসাইকেলে করে তাঁর ছেলে আহসান সাইফিকে (২২) নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের চকরিয়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিশুতল এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ বেলালের মৃত্যু হয়। গুরুতর আহত আহসান সাইফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।