সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা ও কুষ্টিয়ায় নিহত ২
কুষ্টিয়ায় ট্রাকচাপায় রাসেল আহমেদ (৩০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি সড়কে ট্রাকচাপায় ইসমাইল হোসেন দফাদার (৫৫) নামের এক কৃষক নিহত হন।
কুষ্টিয়ার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে রাসেল তাঁর বাড়ি থেকে বাইসাইকেলে করে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাসেলের বাইসাইকেলের হাতল আটকে যায়। এতে রাসেল সড়কে পড়ে গেলে ট্রাকটি তাঁর দেহের এক পাশে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন তিনি মারা যান। রাসেল কুষ্টিয়া জেলার চৌড়হাস এলাকার মোহাম্মদ বুলুর ছেলে।
সাতক্ষীরার দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনয়ালী গ্রামের ইসমাইল হোসেন দফাদার সকাল ১০টার দিকে বাইসাইকেলে করে কলারোয়া এলাকায় যাচ্ছিলেন। পথে বদ্দিপুর নতুন মসজিদের কাছে পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।