সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় গতকাল মঙ্গলবার একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। একই দিন পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
রাজশাহী: নিহত ব্যক্তিরা হলেন রাজশাহী নগরের আবুল কাশেমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও তাঁর ছেলে মহিউদ্দিন আহাম্মেদ (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শহীদুল ইসলাম (৪০) ও তাঁর ছেলে মেহেদী হাসান (৮)। গুরুতর অবস্থায় শহীদুলের স্ত্রী রাবেয়া বেগম (৩৫) ও মেয়ে রিয়া খাতুনকে (৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে রাজশাহী ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী শাহ মখদুম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোদাগাড়ীর সোনাদীঘি এলাকায় একটি ফসলি জমিতে পড়ে যায়। একপর্যায়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁদের হাসপাতালে অন্তত ২০ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গুরুতর অবস্থায় আরও ১৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া (পাবনা): গরুবোঝাই একটি নছিমন কাশীনাথপুর থেকে সাঁথিয়া উপজেলার করমজা গরুর হাটে যাচ্ছিল। দুপুরের দিকে পাবনা-বগুড়া মহাসড়কের মহিষাকোলায় নছিমনটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নছিমনে থাকা গরুর মালিক উজ্জ্বল হোসেন (৪৪) ও নছিমনচালক হক আলী (৩৫) নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ: সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কানসাটে ট্রাকের ধাক্কায় আলাউদ্দীন (৪৫) নামের একজন নিহত হন। শিবগঞ্জ থানার এসআই এনামুল হক বলেন, মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আলাউদ্দীনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাঁর ১৪ বছরের মেয়ে আহত হয়।
সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধোপাকান্দি নামক জায়গায় গতকাল দুপুরে অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হন। তাঁরা হলেন মো. আনোয়ার হোসেন (৩৫) ও তাঁর ছেলে মনিরুল ইসলাম (৮)। দুজনেই অটোরিকশার যাত্রী।