সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত
গাজীপুরের বাঘের বাজার ও বড়বাড়ী, ঢাকার আশুলিয়া ও নারায়ণগঞ্জের ফতুল্লায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ১০ আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: বাঘের বাজার এলাকায় শনিবার পোশাকশ্রমিক সফিকুল ইসলাম (২৫) সাইকেল চালিয়ে যাওয়ার পথে শ্রীপুরগামী প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আট-নয়টি গাড়ি ভাঙচুর করে। এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। একই দিন সকালে বড়বাড়ী এলাকায় আজমেরী পরিবহনের একটি বাসের চাপায় পথচারী নূরুল ইসলাম (৫৫) প্রাণ হারান। গতকাল রোববার সকাল ছয়টার দিকে সদরের গাছা ইউপির পলাসোনা এলাকায় সড়ক পারাপারের সময় বালুবোঝাই একটি ট্রাক আজির উদ্দিনকে (৯০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।মানিকগঞ্জ: গতকাল রোববার দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় একটি লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা আবদুল্লাপুর-বাইপাইল মহাসড়কে লেগুনা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।নিহত ব্যক্তিরা হলেন আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার ইউনুস দেওয়ান (৬৫), রাজধানীর কাফরুলের শরীফ উদ্দিন (৩৫) ও আবদুর রহমান (১৯)।আহত ব্যক্তিদের ঢাকার পঙ্গু ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নারায়ণগঞ্জ: শহরের মাসদাইর শেরেবাংলা রোড এলাকায় শনিবার সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সালেহা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।