সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-নবাবগঞ্জ সড়কের শাক্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গোপালগঞ্জ জেলায় গতকাল ও গত বৃহস্পতিবার দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার মালিভিটা থেকে মো. রাসেল (২২) বন্ধু রাসেল মিয়া (১৯) ও চাচাতো ভাই ফয়সালকে নিয়ে মোটরসাইকেলে করে রামেরকান্দা এলাকায় যাচ্ছিলেন। শাক্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয়। গুরুতর আহত রাসেল মিয়া ঢাকা জেনারেল হাসপাতালে ও অটোরিকশাচালক সামাদ আলী হাওলাদার (৩৮) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ফয়সাল ও অটোরিকশার অজ্ঞাতপরিচয় এক নারী যাত্রী আহত হয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোপালগঞ্জের সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, গতকাল বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার গান্ধিয়াশুরে ইজিবাইকচালক সাধন বিশ্বাস (১৬) নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ইজিবাইকটি উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাধন। তিনি উপজেলার কেকানিয়া গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।গোপালগঞ্জের গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শেখ আমিনুল ইসলাম (২২) ঘটনাস্থলে মারা যান। গোপালগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর পর পিকআপচালক মো. সেলিম (৩২) ও অজ্ঞাতনামা আরেকজন (২৪) মারা যান। ট্রাকটি সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে পেঁয়াজ ও পিকআপটি ঢাকা থেকে কাঁচা মরিচ নিয়ে আসছিল।