সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত, আহত ১৯
হবিগঞ্জে গতকাল শনিবার যাত্রীবাহী বাসের সঙ্গে হিউম্যান হলারের (ম্যাক্সি) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। একই দিন নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস গতকাল ভোর ছয়টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাক্সিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান পাঁচযাত্রী। তাঁরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সঞ্জব আলীর মেয়ে জেসমিন আক্তার (১৬), একই এলাকার শামছু মিয়া (৫০), লাখাই উপজেলার বুল্লা গ্রামের ক্ষিতিশ দাশ (৫৫) ও সুজিত দাশ (৫০) এবং চট্টগ্রামের রাউজান সদর উপজেলার মনির মিয়া (৫৫)। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ১৩ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। লাশ জেলা প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এলাকাবাসী ও পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় নরসিংদীর শিবপুরের শ্রীফুলিয়া এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। নিহত একজনের পরিচয় পওয়া গেছে। তিনি হলেন, রায়পুরা উপজেলার রাজবাড়ী গ্রামের গেদা মিয়ার ছেলে আলাল উদ্দিন (৭০)। অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত হয়নি। এ ছাড়া অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ বাসটিকে আটক করে।
স্থানীয় ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম গতকাল রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় ব্যক্তিরা আহত তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আটক বাসচালক ও লাশ দুটিকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।