সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
মেহেরপুর শহরে মোটরসাইকেলের ধাক্কায় আবু তালেব (৬০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের তাহের ক্লিনিকের সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক আজিজুর রহমান আহত হন।
আবু তালেবের বাড়ি মেহেরপুর শহরে। মেহেরপুরের কোর্ট বিল্ডিং শাখা সোনালী ব্যাংকের সাবেক ক্যাশিয়ার ছিলেন তিনি। আহত আজিজুরের বাড়ি গাংনী উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন আবু তালেব। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। স্থানীয় লোকজন মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আজিজুরকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ রাতেই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।