সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ড গোদাগাড়ী নওগাঁ কালীগঞ্জে নিহত ১১
চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজশাহীর গোদাগাড়ী, নওগাঁর সদর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। সীতাকুণ্ডে পাঁচ, গোদাগাড়ীতে তিন, নওগাঁয় দুই ও কালীগঞ্জে একজন প্রাণ হারায়।সীতাকুণ্ড: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সকাল সাতটার দিকে চট্টগ্রামগামী একটি ট্রাকের চাপায় সীতাকুণ্ডগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালক এবং তাতে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাঁরা হলেন, অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম (৩০), মুজিবল হক (৩৩), আবদুল হালিম (৩৫) ও নুরের ছাফা (৫০) এবং চালক লোকমান হোসেন (৩৫)। হযরত আলী নামের আরেকজন যাত্রীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সীতাকুণ্ড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান জানান, ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোদাগাড়ী: প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, উপজেলার কাশিমপুর জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলাম (৩৫) তাঁর নয় বছর বয়সী ছেলে নাইমকে নিয়ে মোটরসাইকেলযোগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দ্বারিয়াপুর থেকে বাড়ি ফিরছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের কাশিমপুর পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যায়।দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে এবং মহাসড়কের ওই স্থানে গতিরোধকের দাবি জানায়। পুলিশ ও বাসুদেবপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।অন্যদিকে সোমবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক নারীকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় জানা যায়নি। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নওগাঁ: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নওগাঁ জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির দুই সদস্য মোনাজ উদ্দীন (৬০) ও তাঁর ছেলে মোতাহার হোসেন (৪২) নওগাঁ-রাজশাহী সড়কের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। রানীপুকুর এলাকায় পৌঁছালে একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোনাজ উদ্দীন মারা যান। মোতাহার হোসেনকে আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আটটার দিকে তিনি মারা যান।জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, জেলার মান্দা ও নিয়ামতপুর উপজেলায় পত্রিকা বিলি শেষে তাঁরা সদরে ফিরছিলেন। কালীগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার মহিষাহাটি এলাকায় তেলবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিকুল (৩০) ও আজগার আলী (৩৮) নামের দুই মোটরসাইকেল আরোহী মারা যান। তাঁদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও ঝিনাইদহ এবং নওগাঁ ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি]