সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন ও রংপুরের পীরগঞ্জে তোফায়েল আহমেদ (১৯) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলায় এক শিশু নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
পাবনা: সাঁথিয়ার বেড়া-সাঁথিয়া সড়কের বোয়ালমারী এলাকায় সকালে একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সদর উপজেলার শালাইপুর গ্রামের শাহ আলম (৩৪) ও নবীর উদ্দিন (৪৮) এবং মনোহরপুর গ্রামের আবদুস সালাম (৫৫) নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁরা সবাই পেশায় রিকশাচালক। তিনজনই ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।
রংপুর: সকাল সাতটার দিকে পীরগঞ্জের জগন্নাথপুর এলাকার মানিক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে বগুড়াগামী আলুবোঝাই একটি ট্রাক পেছন থেকে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ওই গাড়ি থেকে সেনাসদস্য তোফায়েল পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ওই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। থানার ওসি জাহিদুল জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা আক্তার মামলা করেছেন।
সিরাজগঞ্জ: সকালে একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে কাজীপুর যাওয়ার পথে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ ঘটনায় ভোলা মিয়া (১০) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত ও আরও দুইজন আহত হন। ভোলা সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের আবদুস সামাদের ছেলে।