সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় গতকাল রোববার এক পথচারী নিহত হয়েছেন। এর আগে গত শনিবার নওগাঁর সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। একই দিনে রাজশাহী নগরের বহরমপুর রেলগেটের কাছে ফের সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে, রাজশাহী নগরে ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় গতকাল রাজপাড়া থানায় মামলা হয়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ:উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কের ভূতগাছা এলাকায় ট্রাকচাপায় নিহত ইসমাইল হোসেনের (৫০) বাড়ি কামারখন্দ উপজেলার নানদিনা কামালিয়া গ্রামে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, বেলা তিনটার দিকে ইসমাইল সড়ক পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

নওগাঁ: সাপাহারে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত সাইদুল ইসলাম (৩৫) মারা গেছেন। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাইদুল ইসলামের বাড়ি পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের করমজাই গ্রামে। তিনি উপজেলার তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইদুল ইসলাম মোটরসাইকেলে করে বিদ্যালয় থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। সাপাহার-পোরশা সড়কের তাজপুর তলাপাড়া সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাইদুল ইসলাম গুরুতর আহত হন। অপর মোটরসাইকেলের দুই আরোহীও আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলামের মৃত্যু হয়।

রাজশাহী: নগরের বহরমপুর রেলগেটের কাছে শনিবার বিকেলে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। একই স্থানে এক মাস আগে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বসতঘরে ঢুকে এক দম্পতি নিহত হয়েছিলেন। আহত দুই ব্যক্তি হলেন বোরহান উদ্দিন (২৮) ও রেজাউল করিম (২২)। বোরহানের বাড়ি নগরের ভাটাপাড়া এলাকায়। রেজাউলের বাড়ি
গোদাগাড়ী উপজেলার কোমরপুর এলাকায়। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস বহরমপুর রেলগেটের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে আটকে যায়।

পরে পুলিশ রেকার এনে অটোরিকশাটি টেনে বের করে। গুরুতর অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ২১ সেপ্টেম্বর এই স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছিল। ঘটনাস্থলেই এক দম্পতি নিহত হন। পাশেই ছিল রেলওয়ের ঘুণ্টিঘর। সেটিও ভেঙে গিয়েছিল। ঘুণ্টিঘরে থাকা রেলওয়ের প্রহরী ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন।

এদিকে, রাজশাহী নগরে কোর্ট স্টেশনের চারখুটার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই আবদুল হামিদ (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল এসআই ইফতেখার বাদী হয়ে রাজপাড়া থানায় মামলাটি করেন। আবদুল হামিদ রাজশাহী জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিপুর গ্রামে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ট্রাকের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।