সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে বাসের চাপায় এক স্কুলছাত্রী এবং বাগেরহাটের সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
খুলনা নগরের সোনাডাঙ্গা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বয়রা এলাকার বাসিন্দা মোস্তফা খাঁর মেয়ে আদরী (১০) সকাল সাতটার দিকে এম এ বারী সড়কের বয়রা পূজাখোলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় খুলনা থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে আদরীর মৃত্যু হয়। পুলিশ নগরের খানজাহান আলী এলাকায় গিয়ে বাসটি জব্দ করে। এ সময় বাসের চালক ও সহকারী পালিয়ে যান। আদরী খালিশপুরের ইউসেপ স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক সৌকত হাসান বলেন, বাসটি রং সাইডে এসে আদরীকে চাপা দিয়েছে। এ জন্য বাসের চালক সম্পূর্ণভাবে দায়ী। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজী প্রথম আলোকে বলেন, সকালে সদর উপজেলার ভট্টেরখামার এলাকায় খুলনা-মংলা মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাকির গাজীর (৪০) মৃত্যু হয়। অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে ভর্তি করেন। আরোহীরা মোটরসাইকেলে করে খুলনায় মাছ বিক্রি করে রামপালে ফিরছিলেন।