সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগরিজোড়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসের চাপায় স্কুলছাত্র রাতুল মাঝি (১২) প্রাণ হারিয়েছে। সে গাগরিজোড়া গ্রামের খলিল মাঝির ছেলে।
একই দিন বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. কবির হোসেন (৩৫) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বালুবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নড়িয়া থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের কাছে একটি বাস রাতুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসের গেটের কাছে থাকা ইব্রাহীম নামের এক যাত্রী ছিটকে পড়ে আহত হন।
নিহত রাতুল মাঝি গাগরিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা গাগরিজোড়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে। পুলিশের চেষ্টায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, এ ঘটনায় মামলা করা হবে। বাসটি আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাতুলের বাবা খলিল মাঝি বলেন, ‘রাতুলই ছিল আমাদের স্বপ্ন। আল্লাহ কেন আমার বুকের মানিককে নিয়ে গেল।’
এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বালুবোঝাই একটি ট্রাক নগরের হাতেম আলী কলেজ চৌমাথা থেকে নবগ্রাম রোডের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সেটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক স্থানীয় বাসিন্দা মোটর ওয়ার্কশপের শ্রমিক মো. কবির হোসেন ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী মো. কালুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বালুবোঝাই ট্রাকটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পরে পুলিশ ও র্যা ব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ওসি আতাউর রহমান বলেন, নিহত কবির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।