সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় গতকাল শনিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে তার বাবা ও ভাই আহত হয়। গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
লৌহজং থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিহত স্কুলছাত্র রাজু বেপারী (১১) শ্রীনগর উপজেলার সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত তার বাবা টিটু বেপারী (৪৬) ও বড় ভাই একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সিয়ামকে (১৩) ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটির পর তারা বাবার সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। উত্তর মেদিনীমণ্ডল এলাকার খানবাড়ি মিনার মসজিদের সামনে পৌঁছালে মাওয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে রাজু মারা যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
কালিয়াকৈর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের লতিফপুর এলাকায় গতকাল সকালে কালিয়াকৈরগামী কেপি পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ফজল মিয়া নিহত হন। এ সময় রিকশার চার যাত্রী আহত হন। তাঁরা হলেন: সরস্বতী (৩৬), তাঁর ছেলে সোনাই (৪), মেয়ে দুলালী (৮)। পরে আশপাশের লোকজন এসে তাদের কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, নিহত ফজল মিয়া কুড়িগ্রামের রাজীবপুর থানার সাজাই সদরপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ বাসটি আটক করেছে।