সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও স্বাস্থ্য পরিদর্শক নিহত
জয়পুরহাট পৌর এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সিরাজগঞ্জের সদর উপজেলায় একই দিন সড়ক দুর্ঘটনায় এক সহকারী স্বাস্থ্য পরিদর্শক নিহত হয়েছেন।
জয়পুরহাটে নিহত স্কুলছাত্রের নাম এলেম হোসেন। সে তালীমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সিরাজগঞ্জে নিহত হয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম (৪০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া আটটার দিকে হাতিল গ্রামের মিঠু মিয়ার ছেলে এলেম হোসেন প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। জয়পুরহাট-মঙ্গলবাড়ী প্রধান সড়কের শিল্পকলা একাডেমী ভবনের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এলেম মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের শিমুলতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম নিহত হন। তাঁর বাড়ি শহরের ফুলবাড়ী মহল্লায়। সিভিল সার্জন মো. শামসুদ্দিন জানান, গতকাল দুপুরে আমিনুল ইসলাম মোটরসাইকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আমিনুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।