
অটোবাইকের চাপায় নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র রূপক নন্দী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মৌনমিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় অটোবাইকচালকের গ্রেপ্তার দাবি করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, পরিচালনা পর্ষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল প্রমুখ। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় রূপক গুরুতর আহত হয়। তাকে বাঁচানো যেত, কিন্তু নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়।
শিক্ষার্থী ও শিক্ষকেরা রূপককে চাপা দেওয়া অটোবাইকের চালক ও সংশ্লিষ্ট চিকিৎসককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পরে এই দাবিতে জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন এহসানুল হক ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত সোমবার রাতে রূপককে একটি অটোবাইক চাপা দেয়।