সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৫
কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, বরিশালের গৌরনদী ও সিলেটের বালাগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারা-কুষ্টিয়া সড়কের মির্জানগরে গতকাল বৃহস্পতিবার রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় বসাখ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র বাঁধন রহমান (সাত) নিহত হয়। বাঁধন মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের মাসুদুর রহমানের ছেলে। দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজারে একটি মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক রেজাউল (৪৫) বুধবার নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি গুড়েরপাড়া গ্রামে। গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বাসের চাপায় অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোহসীনা আক্তার মীরা (৩৮) নিহত হন।গৌরনদী (বরিশাল): আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের ব্যবসায়ী মোটরসাইকেল চালক নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সাহেবরামপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় নিহত হন। বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার নিজকুরুয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক মাছুম আহমেদ (২২) নিহত হন। মাছুম আহমেদ উপজেলার আলীপুর গ্রামের মৃত কলিম উল্যার ছেলে।