সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার হাসপাতালে অসুস্থ সহপাঠীকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। একই দিন কুষ্টিয়া উপজেলা সদরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের হিজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রীর নাম সুমাইয়া সুলতানা (১৫)। সে সাতক্ষীরার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং কালীগঞ্জের ঘোড়াপোতা গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। এ ঘটনায় সুমাইয়ার সহপাঠী ফারিয়া সুলতানা (১৫) আহত হয়। সে উপজেলার পানিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল হতাহত দুই ছাত্রীসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নলতায় যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে হিজলা এলাকায় মাছভর্তি একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলেই সুমাইয়া মারা যায়। আহত ফারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারিয়া সুলতানার বাবা ফারুক হোসেন বলেন, ফারিয়ার সহপাঠী শাহানা খাতুন অসুস্থ হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তাকে দেখে ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক জানান, নিহত সুমাইয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের মেয়ে।

এদিকে গতকাল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আবদুল কাদের (২৫) নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া শহরের ডি ব্লকের ফসির উদ্দীনের ছেলে।

থানার পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আবদুল কাদের মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। বটতৈল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তাঁর মোটরসাইকেলের সঙ্গে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল কাদের গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর বাজার এলাকায় বাসের ধাক্কায় শিমুল হোসেন (৩২) নামের আরেক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শিমুল সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদি গ্রামের সমির উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে শিমুল মোটরসাইকেলে করে মধুপুর বাজারে যাচ্ছিলেন। তখন কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।