সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত
রাজশাহীর তানোরে বাসের ধাক্কায় আদিবাসী নারী শ্রমিক এমিলী টুডু (২৮), নওগাঁর রানীনগরে ভটভটির চাপায় প্রথম শ্রেণীর ছাত্রী সুবর্ণা আক্তার (৮) ও বগুড়ার শেরপুরে বাসের চাপায় কৃষক আমিনুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:রাজশাহী: এমিলী টুডু গত শনিবার দুপুরে তানোর-রাজশাহী সড়কের হাড়দো এলাকায় মাটি কাটার কাজ করছিলেন। এ সময় তানোর থেকে ছেড়ে আসা একটি বাসের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি এমিলীকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে তানোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার চান্দুড়িয়ার আদিবাসী পল্লিতে। এ ব্যাপারে তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।নওগাঁ: রানীনগর উপজেলার নান্দাইবাড়ি গ্রামের হানিফ আলীর মেয়ে সুবর্ণা আক্তার এলাকার একটি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। শনিবার দুপুরে বিদ্যালয় থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নান্দাইবাড়ি মোড়ে আত্রাই থেকে আসা একটি ভটভটি তাকে সামনে থেকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।শেরপুর (বগুড়া): আমিনুল ইসলাম শনিবার বিকেলে কলের লাঙলের খুচরা যন্ত্রাংশ (কৃষি উপকরণ) কিনতে মোটরসাইকেলে করে শেরপুর আসার পথে শহরের বাসস্ট্যান্ডের চারমাথা এলাকায় বগুড়াগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নামাসিলট গ্রামের জাবেদ আলীর ছেলে। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।